ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রতিটি অসচ্ছল পরিবারকে স্বচ্ছলতার পথে নিয়ে যাওয়াই সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রায় ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। জনগণের আস্থার মর্যাদা রক্ষা করতে সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে।
মঙ্গলবার দুপুরের দিকে রাজধানীর বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করা হয়েছে এবং ধাপে ধাপে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা হবে।
অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ মন্ত্রিসভার সদস্য, কূটনীতিক, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রাথমিক পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সুবিধাভোগী নির্বাচন করতে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।
সংগৃহীত তথ্য সফটওয়্যারের মাধ্যমে বিশ্লেষণ করে পরিবারের আর্থসামাজিক অবস্থার ভিত্তিতে তাদের বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য চূড়ান্ত করা হয়েছে।
এ কর্মসূচির আওতায় দরিদ্র পরিবারগুলোকে নিয়মিত আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে।









